Published : 04 Mar 2026, 06:53 PM
চাঁদপুরে ঈদ বাজারে দ্বিগুণ লাভে তৈরি পোশাক বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় ‘আরিশা স্টোর’ মালিককে পাঁচ হাজার টাকা, একই অপরাধে ‘অরবিন্দ মার্ট’ মালিককে পাঁচ হাজার, পোশাকে দ্বিগুণের বেশি লাভ করায় ‘নিউ কটন ক্লাব’ মালিককে তিন হাজার এবং পণ্য ক্রয়ের রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশন মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসঙ্গে আগামী তিন দিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয় বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ইমরান।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।