২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাইবান্ধার দুটি আসনে সিপিবি, জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা-১ ও ২ আসনে মোট ১০ প্রার্থীর মনোননয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:09 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ ও ২ আসনে সিপিবি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির (একাংশ) মনোনীত ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এবং গাইবান্ধা-২ (সদর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

এতে গাইবান্ধা-১ আসনের জামায়াত ইসলামী প্রার্থী মাজেদুর রহমান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টভুক্ত জাতীয় পার্টির (একাংশ) প্রার্থী মো. মাহফুজুল হক সরদারসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

অপর তিনজন হলেন ইসলামী আন্দোলনের রমজান আলী, স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহসিন। 

গাইবান্ধা-২ (সদর) আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মাজেদ ও খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। 

দলীয় মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় জাতীয় পার্টির (একাংশ) ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এছাড়া, স্বতন্ত্র প্রার্থী দুইজনের সমর্থনকারী ভোটারের সংখ্যায় অসঙ্গগতি থাকায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

এই আসনে বৈধ প্রার্থী ৫ জন হলেন, বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল হক জিয়া, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাসদ (মার্কসবাদী)র পরমানন্দ দাস, এলডিপির শরিফুল ইসলাম ও আমজনতা পার্টির কাওছর আজম। 

এ আসনে মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান আরও বলেন, গাইবান্ধা-২ (সদর) আসনে দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। 

এ আসনে বৈধ প্রার্থী ৫ জন হলেন, বিএনপির মো. আনিসুজ্জামান খান বাবু, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম, বাসদ মার্কসবাদীর আহসানুল হক এবং জনতার দলের প্রার্থী শাহেদুর রহমান। 

এ আসনে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন।