কিশোরগঞ্জে কুতুব শাহ মসজিদের দানবাক্স লুট
ফজরের নামাজের সময় বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন কুতুব শাহ মসজিদের ইমাম জালাল উদ্দিন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন কুতুব শাহ মসজিদের ইমাম জালাল উদ্দিন।
তিনি বলেন, “ইট-সিমেন্ট ও টাইলসে নির্মিত দানবাক্সটি মসজিদের সামনে স্থাপন করা হয়েছিল। রাতের আঁধারে কে বা কারা দানবাক্সের উপরের অংশ ভেঙে ভিতরে থেকে সব টাকা-পয়সা নিয়ে গেছে।”
কুতুব শাহ মসজিদের সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন, “প্রতি তিন মাস পর পর দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। প্রতিবার গড়ে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মত পাওয়া যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ‘বাতায়নে’ অষ্টগ্রাম সদর ইউনিয়নের এই মসজিদের ইতিহাস সম্পর্কে লেখা হয়েছে, এটি ষোড়শ শতকের নির্মিত। পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেছিলেন কুতুব শাহ। মসজিদের পাশে একটি কবর রয়েছে। ধারণা করা হয়, সেটি কুতুব শাহের।
মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন। ১৯০৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে।
দানবাক্স লুটের ঘটনায় এরই মধ্যে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইমাম জালাল উদ্দিন অজ্ঞাতদের আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমীন।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মসজিদ কমিটির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুটে নেওয়ার ঘটনাটি খুবই নিন্দনীয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-রাহাজানি বেড়ে গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া উচিত।”
