১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনিয়মের অভিযোগ: কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

“তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করছেন না।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 03:01 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দায়িত্বে অবহেলা এবং সরকারি দাপ্তরিক কাজে বাইরের লোকজনকে সম্পৃক্ত করার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া আকস্মিক কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। নূরুল করিম ভূঁইয়া গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান তিনি।  

এ সময় সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন ও দালালদের মাধ্যমে করানো হচ্ছিল। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস পরিদর্শনে যাই। প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পাই, ওই অফিসে যারা আছেন তারা অদক্ষ ও কাজের উপযুক্ত নয়। তারা কোন কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না৷”

“এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের নানা অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখ্যা চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র কিংবা নামজারি-সংক্রান্ত সফটওয়্যারও দেখাতে পারেননি।”

তিনি বলেন, “এসব কারণেই ওখানে যেসব কর্মকর্তা-কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সফিপুর ভূমি অফিসে গিয়েছিলাম, সেখানেও কিছু দিক-নির্দেশনা দিয়েছি।”