১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আখেরি মোনাজাতের পর ‘ঠেলাঠেলি’, গরম পানিতে দগ্ধ ৪

গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 06:15 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর ঠেলাঠেলি করে ময়দান ত্যাগ করার সময় চায়ের কেটলির গরম পানিতে চারজন দগ্ধ হয়েছেন। 

আখেরি মোনাজাত শেষে রোববার বেলা পৌনে ১১টার দিকে ইজতেমার ৪ নম্বর গেইটে এ ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি ফরিদ হোসেন জানান।

আহতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার অলিদা বাগান গ্রামের আমজাদ সরকারের ছেলে জুয়েল (২৫), নাটোরের ফজলুর রহমানের ছেলে সোহেল (৩০), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জাবেদ আলীর ছেলে ফজল হক (৩৪), জামালপুরের আব্বাস আলী সরকারের ছেলে মোজাফফর আলী সরকার (৪৪)। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আখেরি মোনাজাতের পর ময়দান থেকে বের হওয়ার সময় ঠেলাঠেলি শুরু হয়। তখন ইজতেমার ৪ নম্বর গেইটের পাশে চায়ের দোকানের গরম পানির কেটলি জুয়েলের ডান পায়ে পড়ে হাঁটুর নিচের অংশ ঝলসে যায়। গরম পানিতে অন্য তিনজনের শরীরও দগ্ধ হয়েছে।

পরে তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল বিন সিরাজ বলেন, গুরুতর আহত জুয়েলকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

একই কথা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ফরিদ হোসেন।

আরো পড়ুন:

ইজতেমা ময়দানে আছড়ে পড়ল ড্রোন, হুড়োহুড়িতে আহত ৪১