১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক-লরি সংঘর্ষে আহত ১, দুই ঘণ্টার জটে ভোগান্তি

“ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আমার লরি সড়কে উল্টে যায়। আর ট্রাক ড্রাইভার আহত হন।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 12:06 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি লরি উল্টে গেছে। এতে ট্রাক চালক আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর হেমায়েতপুর-সিংগাইর সড়কে দুই ঘণ্টার যানজটে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষদের।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান।

সড়কে লরি উল্টে থাকায় বেলার বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর সড়কে তীব্র যানজট তৈরি হয়। সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ওই সড়কের দুই কিলোমিটার এলাকা গাড়ির জটে আটকে ছিল।

এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে সিংগাইর থানার ওসি জানান।  

এ ঘটনায় আহত ট্রাক চালক নাজমুল ইসলামের বয়স ২২ বছর; বাড়ি পাবনার সাঁথিয়া এলাকায়। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিংগাইর ফায়ার সার্ভিসের (ডিউটি অফিসার) ফায়ার ফাইটার রুবেল বলেন, “সকাল থেকে যানবাহন বাড়তে থাকলে মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর মড়কের দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। ৫০ টির মতো ট্রাক ও লরি, ৫০ টির মতো ছোট গাড়ি, কয়েকটি বাস, শতাধিক অটোরিকশা ও ইজিবাইক তখন আটকা পড়ে।”

লরির চালক মো. ফারুক বলেন, “আমি ঢাকার উত্তর খান ময়নারটেক থেকে ‘প্রমি ফুড কোম্পানির’ মালামাল নিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দরে যাচ্ছিলাম। পথে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় খোলাপাড়া এলাকায় একটি ট্রাকের ড্রাইভার আমার গাড়িতে মেরে দেয়। 

“ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আমার লরি সড়কে উল্টে যায়। আর ট্রাক ড্রাইভার আহত হন। পরে আমরা মালামাল অন্য ট্রাকে খালাস করি।”

দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন বলে লরি চালক ফারুকের দাবি।

এদিকে যানযটে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। ওই সময় রুবেল খান নামের এক যাত্রী বলেন, “বেতিলা থেকে হেমায়েতপুরের অটোরিকশরায় উঠেছি। তারপর দেখি প্রচণ্ড যানজট। প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি।”

গাবতলি থেকে হরিরামপুরগামী শুকতারা পরিবহনের বাসের যাত্রী রহম আলী বলছিলেন, “আধা ঘণ্টার বেশি গাড়িতে বসে আছি। শুনলাম অ্যাক্সিডেন্ট হইছে। এই জন্য জ্যাম লাগছে।”  

তবে এখন মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি তৌফিক আজম জানিয়েছেন।