Published : 09 Feb 2026, 05:35 PM
গাজীপুর-৫ সংসদীয় আসনের কালীগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্কুলের মাঠে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে এবং প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্বাচনি প্রচার চালানোর দায়ে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদ মৃধাকে এ জরিমানা করেন।
পরে জরিমানার অর্থ পরিশোধ করেছেন ফরিদ মৃধা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার বলেন, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হকের নেতৃত্বে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় প্রার্থীর নাম, ছবি ও প্রতীক ব্যবহার করে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে কৌশলে নির্বাচনি প্রচার চালানো হয়।

এ ছাড়া, চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে চলমান পাঠদানের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো হয় এবং সেখানে নির্বাচনি লিফলেট বিতরণ ও প্রচার করা হয়। এতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করা হয় এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(খ) ধারায় তাই বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার জানান।