১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

হাওরের পানিতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 02:37 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে নিখোঁজের দুদিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন বলে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানিয়েছেন।

নিহত ৬০ বছর বয়সী আব্দুর রউফ গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের রাজত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, গত মঙ্গলবার নিজের কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

এরপর বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপী অভিযান চালায়। তখনও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে হাওরের পানিতে রউফের লাশ ভেসে উঠে।  

ওসি মোনায়েম বলেন, আব্দুর রউফ নিখোঁজের ঘটনায় মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়।

তার লাশ ভেসে ওঠার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।