১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ায় পর ভারতীয়কে আটক করল জনতা

বুধবার বিরাজোত এলাকার বাসিন্দা বৃদ্ধ তমিজ উদ্দীনকে ধরে নেয় বিএসএফ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 12:14 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

পঞ্চগড় সদর উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকায় নিয়ে আসেন বলে জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। 

স্থানীয়রা অভিযোগ করেন, বুধবার সকালে বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে যান। তখন সীমান্তের কাঁটাতারের কাছ থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। 

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, তার বাবা বয়স্ক মানুষ, কানে কম শোনেন এবং ঠিকমত হাঁটতেও পারেন না। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন ভারতীয় ওই নাগরিককে হস্তান্তর করা না হয়।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, “আমি শুনেছি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, বিএসএফ তমিজ উদ্দীনকে ফেরত দিলে তারাও ভারতীয় নাগরিককে ছেড়ে দেবেন।”

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা বিজিবিকে আগে জানায়নি। তবে ভারতীয় নাগরিক আটক হওয়ার পর বিএসএফ যোগাযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে বিএসএফ জানায়, বাংলাদেশি ওই বৃদ্ধকে আইনি প্রক্রিয়ায় ভারতে আদালতে পাঠানো হয়েছে।” 

তিনি বলেন, “বিএসএফ পতাকা বৈঠক করতে চাচ্ছে, যাতে আমরা সরাসরি ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দিই। কিন্তু ওই ব্যক্তি এখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি চুরির অভিযোগে সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন।”