Published : 29 Nov 2025, 01:15 PM
তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে ‘নির্বাচনী অলিম্পিয়াড’ হয়েছে।
শুক্রবার জেলা শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নাগরিক সংগঠন সুজন দিনব্যাপী এ আয়োজন করে।
অলিম্পিয়াডে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সোনাপুর বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বলে জানান সুজনের জেলার সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
নির্বাচনী অলিম্পিয়াড আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজনের নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি কবি আখতার জাহান শেলী। বিষয়ভিত্তিক প্যানেল আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, তরুণ ভোটারদের মধ্যে ফাহিদা সুলতানা, মো. মোজাম্মেল হক ও মুনীম ফয়সাল।
শিক্ষার্থীদের মধ্যে মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জান্নাতুল হাবিবা, আশরাফুল ইসলাম, বিশাল, তাহমিদ।

অনুষ্ঠানে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভোটারের ভূমিকা নিয়ে আলোচনা করেন আবদুল কাইয়ুম মাসুদ।
তিনি বলেন, “যারা প্রথম ভোটার তারা এবার ভোট দিবে। আমিও নতুন ভোটার যদিও আমার বয়স ৪১ বছর। গত ১৭ বছরে আমি ভোট দিতে পারিনি। তবে এবার আমরা নির্ভয়ে ভোট দিব।
“জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য জবাবদিহিতামূলক ভোটার প্রয়োজন। আমরা দায়িত্ববান হলেই সমাজকে, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারবো।”
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে ৫০টি প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়।
সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ লিটন মিয়া, প্রথম রানার আপ হয়েছেন দেবলীনা রূপকথা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মারুফাত জাহান। তারা তিনজনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ব্যতিক্রমধর্মী এই অলিম্পিয়াডে ইভেন্ট ম্যাজেমেন্ট পার্টনার ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, এসএইভিও ও আমরা গোলাপ, মিডিয়া পার্টনার ছিল নোয়ায়ালী অল রাউন্ডার এবং কালচারাল পার্টনার ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ।