২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘কুড়িয়ে পাওয়া’ ককটেল বিস্ফোরণে টোকাই নারী আহত

“ওই নারীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে গভীর ক্ষত হয়েছে।”

‘কুড়িয়ে পাওয়া’ ককটেল বিস্ফোরণে টোকাই নারী আহত
ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 10:19 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ বাজারে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক টোকাই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দের পরিদর্শক এমদাদুল হক জানান। 

আহত ৬৫ বছর বয়সী লালমোন বিবি কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের আশ্রাফ আলী সরদারের স্ত্রী।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পরিদর্শক এমদাদুল হক বলেন, “লালমোন বিবি রাস্তাঘাট বা উন্মুক্ত স্থান থেকে পরিত্যক্ত লোহা, প্লাস্টিকের বোতল ও কাগজসহ বিভিন্ন মালামাল কুড়িয়ে এনে ভাঙ্গারির দোকানে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন এলাকা থেকে মালামাল কুড়িয়ে রাধাগঞ্জ বাজারের কুঁড়েঘর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় বসে মালামালগুলো বাছাই করছিলেন।

“এ সময় লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে।” 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, “ওই নারীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে গভীর ক্ষত হয়েছে। এছাড়া গাল ও বাম হাতের কনুইয়ের ওপরে স্প্রিন্টারের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরণে ওই নারী আহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।