২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘চোরদের চিনে ফেলায়’ র‌্যাবের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

“মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু নিয়া জানান।

নিহত লিপি আক্তার (৩৫) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান-র‌্যাব ২ এ কর্মরত।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহতের মেয়ে ১১ বছর বয়সী মিথি সাংবাদিকদের বলেন, তার দুই ভাই মামার বাড়িতে এবং তারা মা-মেয়ে ঘুমিয়ে ছিল। এ সময় বাসায় চোর ঢোকে। ঘুম ভাঙার পর মা চোরদের চিনে ফেলায় তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়।

নিহত গৃহবধূর র‌্যাব কর্মকর্তা মহর উদ্দিন বলেন, “মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বাচ্চু নিয়া বলেন, দুই ছেলে ও এক মেয়ের নিয়ে থাকতেন লিপি। ভোর রাতে বাসার জানালার গ্রিল কেটে তিনজন চোর ঢোকে। চোরদের চিনে ফেলায় তারা লিপির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।