১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরি, ২ লাখ টাকা অর্থদণ্ড

“অভিযানের সময় দেখা যায়, এসএমসি স্যালাইনের মোড়কের হুবহু মোড়কে নকল খাবারের স্যালাইন প্যাকেটজাত করা হচ্ছে।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:05 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

ফরিদপুর সদর উপজেলায় একটি নকল খাবার স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় জরিমানা করা হয় দুই লাখ টাকা।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে সদরের কানাইপুর ইউনিয়নের ‘রুপা ফুড প্রডাক্টস’ নামের ওই প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “রুপা ফুড প্রডাক্টস নামে খাদ্যপণ্য তৈরির ওই প্রতিষ্ঠানে ‘ওরাল স্যালাইন-এন’ নামে নকল খাবার স্যালাইন তৈরি করা হচ্ছিল। গোপন খবরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

“অভিযানের সময় দেখা যায়, এসএমসি স্যালাইনের মোড়কের হুবহু মোড়কে নকল খাবারের স্যালাইন প্যাকেটজাত করা হচ্ছে। প্যাকেটের গায়ে মেয়াদও ঠিকমতো লেখা নেই। এছাড়া বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হচ্ছে।”

ওই কারখানা থেকে দুই লাখের বেশি নকল খাবার স্যালাইনের প্যাকেট পাওয়া গেছে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভোক্তা অধিকার আইনে গোডাউন ও কারখানা সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।