Published : 31 Jan 2026, 12:35 PM
গোপালগঞ্জে আনসারের ব্যাটালিয়ান সদর দপ্তরে ককটেল ছোঁড়া হয়েছে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ২ আনসার-ব্যাটালিয়নের ওই দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানের ফাঁকা জায়গায় ককটেলটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন পরিচালক তাসকিন আরা।
তিনি বলেন, “জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে এ নিয়ে গত ৫ দিনে জেলায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
গত সোমবার রাত পৌঁনে ১০টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, বুধবার রাত পৌঁনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, পুলিশ এসব ঘটনার তদন্ত করছে । পুলিশ ও আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে।
জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা হয়নি তবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে।