Published : 01 Feb 2026, 07:24 PM
গাজীপুর-২ আসনে প্রচারের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকালে হামলার এ ঘটনায় গাজীপুর রিটার্নিং কর্মকর্তা বরাবর বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন আলী নাছের খান।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন শাপলা কলি প্রতীকের এ প্রার্থী।
অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে নির্বাচনি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার অটোরিকশা এনসিপি’র কার্যক্রমে বাধা দেয় এবং উচ্চ শব্দে মাইক বাজানো শুরু করে।
শাপলা কলি মার্কার লোকজন তাদের চলে যাবার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে ‘উস্কানিমূলক’ আচরণ করতে থাকে।
আলী নাসের খান অভিযোগে বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা পোড়াবাড়ি বাজারের পূর্ব দিকে যাত্রা করি। তখন ২১ নম্বর ওয়ার্ড যুবদলের এক ক্যাডার ও বিএনপির প্রার্থীর চাচা পরিচয়ধারী একজন ব্যক্তি ধানের শীষের স্টিকারযুক্ত প্রাইভেট কার ব্যবহার করে আমাকে গাড়ি চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়।

“পরে শোভাযাত্রা পশ্চিম দিকে পৌঁছালে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকারযুক্ত গাড়ি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেনের মাধ্যমে পদযাত্রার গতি রোধ করে উত্তেজনা সৃষ্টি করে। প্রাণনাশের চেষ্টা ও শোভাযাত্রার গতিরোধ ফৌজদারী অপরাধ ও আচরণবিধির সুস্পষ্ট লংঘন এবং সন্ত্রাসীকর্ম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আজকের হত্যা চেষ্টা সংঘটিত হয়েছে। পরিকল্পিতভাবে ধানের শীষের প্রচার গাড়ি, একটি দ্রুতগতির মোটরসাইকেল এবং সাদা প্রাইভেটকার ব্যবহার করে শাপলা কলির প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খানের উপর হামলার চেষ্টা চালানো হয়। প্রার্থী সরে গিয়ে প্রাণে বাঁচলেও এনসিপি জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন মারাত্মকভাবে আহত হন।
এছাড়া গত ৩০ জানুয়ারি এরশাদ নগর ও শনিবার পোড়াবাড়ি বাজারে প্রচারণায় বাধা ও নির্বাচনি বিলবোর্ড ভাঙার ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনার কারণে ১১-দলীয় জোট নেতৃবৃন্দ চরম নিরাপত্তাহীনতা বোধ করছেন।
সন্ত্রাসী আক্রমণের চেষ্টা, প্রচারে বাধা প্রদান ও বিলবোর্ড ছিড়ে ফেলার ঘটনায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আলী নাছের খান।