Published : 17 Aug 2026, 08:58 PM
বগুড়ায় জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর-এপিপি এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার-এজিপি পদত্যাগ করেছেন। সরকারের জুলাই সনদ না মানাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তারা।
সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলে থাকা ওই সাতজন পদত্যাগ পত্র জমা দেন।
এ সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি রিয়াজ উদ্দিন, সেক্রেটারি নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, আতাউর রহমান সবুজ, সাইফুদ্দীন সাইফুল, দলিলুর রহমান এবং আল-আমিনসহ উপস্থিত ছিলেন।
পদত্যাগ করা আইনজীবীরা হলেন- অতিরিক্ত পিপি শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি এমদাদুল ইসলাম, এপিপি আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ এবং আতাউর রহমান সবুজ।
২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়া জর্জ আদালতে তারা রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শাফিকুর রহমান শাফি বলেন, “জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন।
“এ ছাড়া ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এসকল ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।”
এমন পরিস্থিতিতে বিবেকের তাড়নায় দায়িত্ব পালন করতে না পেরে পদত্যাগ করেছেন বলে জানান এই আইনজীবী।
সাত আইনজীবীর পদত্যাগপত্র ঢাকায় যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা বলেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।