Published : 30 Jan 2026, 10:57 AM
শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক শাটল কার সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে।
“ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘মাউন্ট এডোরা হসপিটাল’ কর্তৃপক্ষ একটি ইলেকট্রিক শাটল কার উপহার হিসেবে দিয়েছে। শিগগিরই আরও দুটি শাটল কার যুক্ত হবে; সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়ার কথা রয়েছে।
শাটল কারগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এলাকা থেকে প্রধান ফটক পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হবে বলে জানায় পরিবহন দপ্তর। এতে জনপ্রতি ৫ টাকা করে ভাড়া গুনতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম বলেন, “এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এ উদ্যোগ ক্যাম্পাসভিত্তিক যাতায়াতে এক অনন্য সংযোজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির এবং মাউন্ট এডোরা হসপিটালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক জাকারিয়া বলেন, “সরকারিভাবে এসব ইলেকট্রনিক গাড়ি কেনার অনুমতি নেই। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো কিনতে পারবে না।
“আপাতত একটা শাটল কার চালু করা হয়েছে। আরও দুইটা আমরা উপহার হিসেবে পাব দুইটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। বাকি দুইটি কার আসলে ছেলে ও মেয়েদের হল পর্যন্ত চালু করা হবে।”
ক্যাম্পাসের যেকোনো গন্তব্যে যাতায়াতের জন্য ভাড়া জনপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।