১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ানসহ ১০ কর্মীর বিরুদ্ধে মামলা

ঘটনার ১১দিন পর শাহজাদপুর আমলি আদালতে মামলাটি করেন উপজেলার রূপপুর নতুনপাড়ার বাসিন্দা শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে দর্শনার্থী দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এবার কাস্টোডিয়ানসহ ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার ১১দিন পর বৃহস্পতিবার শাহজাদপুর আমলি আদালতে মামলাটি করেন উপজেলার রূপপুর নতুনপাড়ার বাসিন্দা শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি।  

আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের পেশকার আনোয়ার হোসেন।

মামলায় আসামিরা হলেন, কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, মালি শফিকুল ইসলাম, কাউন্টার ও বাগান পরিচালক মজিবুর রহমান, নিরাপত্তা প্রহরী আব্দুল মমিন, নুহ শেখ, বাবলু সরকার, আনিসুর রহমান ও রেজাউল। 

মামলার এজাহারে বলা হয়, ৮ জুন বাদী তার স্বামী শাহনেওয়াজ ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে রবীন্দ্র কাছারি বাড়িতে ঘুরতে যান। প্রবেশের সময় টিকিটের টাকা দিলেও কাউন্টার থেকে কোনো টোকেন দেওয়া হয়নি। 

পরে বের হওয়ার সময় টোকেন দেখাতে বললে বাদী জানায় তাকে কোনো টোকেন দেওয়া হয়নি। তখন আসামিরা গালিগালাজ শুরু করে। 

বাধা দিলে কাছারি বাড়ির গেট বন্ধ করে কাস্টোডিয়ানের নির্দেশে শাহনেওয়াজকে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করা হয়। ওই সময় ছাবরিনা আক্তারের শ্লীলতাহানি এবং তার গলায় থাকা সোনার চেইনও ছিনিয়ে নেওয়া হয়। 

এরপর শাহনেওয়াজকে একটি কক্ষে আটকে রেখে আবারও মারধর এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। পরে স্বজনরা এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পর শাহজাদপুর থানায় অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আদালতে মামলা করেছেন বলে এজাহোরে জানিয়েছেন বাদী। 

এর আগে গত ১০ জুন এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল থেকে কিছু মানুষ কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর এবং কর্মীদের মারধর করে। 

এ ঘটনার পর কর্তৃপক্ষ কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করে; দুইদিন পর আবার তা খুলে দেওয়া হয়। 

এছাড়া কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জুন ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। 

এ মামলায় এর মধ্যে যৌথবাহিনী ও পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পাশাপাশি ঘটনার তদন্তে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

আগের সংবাদ

রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনায় ‘সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই’: সংস্কৃতি মন্ত্রণালয়

রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনাকে 'উগ্রবাদীদের' হামলা বলল ভারত

দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা

দর্শনার্থীকে মারধর: রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ বন্ধ

রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধর: বিক্ষোভ শেষে অডিটোরিয়াম ভাঙচুর