Published : 13 Jun 2025, 09:56 PM
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাংচুরের ঘটনায় কোনো ‘সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই’ দাবি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় এও বলেছে , ভাংচুরের ঘটনায় বাড়িটির কোনো নিদর্শন নষ্টও হয়নি।
এদিন সকালে প্রশাসন ও স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাছারি বাড়ি খুলে দেওয়ার পাশাপাশি বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের তরফে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রত্নতত্ত্ব অধিদফতরের পক্ষে একটি মামলা হয়েছে। এ মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
৮ জুন ঈদের ছুটিতে শাহজাদপুরের ওই কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। সেদিন মিছিল থেকে কিছু মানুষ কাছারি বাড়িতে ভাঙচুর চালায়।
কাছারি বাড়িতে হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলাও হয় পরে।
‘উগ্রবাদীদের’ হামলা বলল ভারত, মন্ত্রণালয় বলছে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনাকে ‘উগ্রবাদীদের ধারাবাহিক প্রচেষ্টার’ অংশ হিসাবে বর্ণনা করেন।
বাংলাদেশে এ ধরনের ঘটনা ‘পুনরাবৃত্তিমূলক বৈশিষ্ট্যে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জয়সওয়াল বলেন, “আমরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে ঘৃণ্য হামলা এবং ভাংচুরের কঠোর নিন্দা জানাই।”
রাণধীর জয়সওয়াল বলেন, “নোবেলজয়ীর স্মৃতি এবং বাংলাদেশে তিনি যে অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার প্রচার করেছেন, এ সহিংসতা তার প্রতি অবমাননা।
“বাংলাদেশে সহনশীলতার প্রতীকগুলো মুছে দিতে এবং সমকালীন সংস্কৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকার ধ্বংস করতে উগ্রবাদীদের পদ্ধতিগত যে প্রচেষ্টা, এই হামলা সেই বিস্তৃত ধারারই অংশ।”
মুহাম্মদ ইউনূসের সরকারকে ‘সন্ত্রাসীদের’ লাগাম টানার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, “এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
জয়সওয়ালের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, “এ ঘটনায় রবীন্দ্র স্মৃতিবিজড়িত বাড়ির কোনো নিদর্শন নষ্ট হয়নি।
“এ আক্রমণের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান বা মর্যাদাহানির কিছু ঘটেনি।”
আগের খবর
রবীন্দ্র কাছারি বাড়ির ঘটনাকে 'উগ্রবাদীদের' হামলা বলল ভারত
রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীকে মারধর: বিক্ষোভ শেষে অডিটোরিয়াম ভাঙচুর