২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘লালমনিরহাটকে উন্নত জেলা গড়ব’, ঈদে প্রতিশ্রুতি মন্ত্রী দুলুর

“জনগণ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তাদের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিফলন ঘটাব।”

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 11:48 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

লালমনিরহাটকে আদর্শ জেলা গড়ার অঙ্গীকার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের ঈদ সাধারণ মানুষের কাছে বিশেষ আনন্দের বলেও মন্তব্য করেছেন তিনি। 

শনিবার সকালে লালমনিরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। 

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে মন্ত্রী উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, “ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের ঈদ সাধারণ মানুষের জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। এই আনন্দের সঙ্গে আমরা সবাই মিলে দেশ গড়ার অঙ্গীকার করছি।”

আলোকিত লালমনিরহাট গড়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরও বলেন, “লালমনিরহাটকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমি তা গ্রহণ করব। 

“জনগণ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তাদের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিফলন ঘটাব।”

ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।