Published : 15 Mar 2025, 02:45 PM
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শুক্রবার রাত ১০টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফাঁসিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান।
নিহত হাবিবুল হুদা চৌধুরী (৬৭) একই এলাকার মৃত শামশুল হুদা চৌধুরীর ছেলে।
আহতরা হলেন- নিহতের বোন কোহিনূর সিদ্দিকা, মেয়ে শবনম তপুরা ও শ্যালিকা খতিজা বেগম।
নিহতের স্ত্রী খুরশিদা বেগম জানান, আগে থেকেই আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে জমির মালিকানা নিয়ে তাদের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে তার স্বজনদের রাজনৈতিকভাবে হয়রানি করে আসছিল আব্দুর রাজ্জাক।
এ বিরোধে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের ওপর একাধিকবার হামলার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন এ নারী।
খুরশিদা বলেন, “শুক্রবার দুপুরেও একবার হামলা চালায় রাজ্জাকের পরিবার। রাতে আবারও তারা ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের বসত ঘরে ভাঙচুর চালায়। এ সময় তাদের গুলিতে বিদ্ধ হন আমার স্বামী।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।
ওসি মশিউর বলেন, “জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।