Published : 04 Jan 2026, 03:05 PM
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে।
সরে না দাঁড়ালে তাকে ‘শরীফ ওসমান হাদির মতো পরিণতি’ ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ‘ব্যাটালিয়ন-৭১’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী।
তবে তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
অজ্ঞাত ঠিকানা থেকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো চিঠিতে এই হুমকি দেওয়া হয়। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
২০২৫ সালের ২৩ ডিসেম্বরের তারিখ দেওয়া চিঠিটিতে লেখা হয়, “আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”
চিঠির শেষে মুমিনুল আলম নামে একজনের নাম আছে। তাকে ‘ব্যাটালিয়ন-৭১’-এর আঞ্চলিক কো-অর্ডিনেটর, কক্সবাজার হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা এ ধরনের কাজ করতে পারে। আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি।”
তিনি বলেন, “হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আমি ভয় পাই না। আমাকে চাপ দিয়ে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবারই হবে, এটা নিয়ে আমি বেশি চিন্তিত নই।”
উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, এ ঘটনায় বিএনপির প্রার্থীর পক্ষ থেকে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।
“আবেদনটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।