Published : 10 Mar 2026, 07:04 PM
ঢাকার সাভারে কাপড়ে মেশানো ক্ষতিকর রং দিয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে একটি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অভিযোগে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় সেমাই কারখানা এবং মোহাম্মদিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার নির্বাহী হাকিম মো. হাসানুজ্জামান।
অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কারখানার বিষাক্ত রং ও নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমতি না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২০০ কেজি সেমাই ধ্বংস করা হয়।
এ সময় পাশের মোহাম্মদিয়া বেকারিতে কেমিকেল ও হাইড্রোস ব্যবহার, অগ্রিম উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রাথমিকভাবে জরিমানা করে দুই প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় বলে জানান নির্বাহী হাকিম হাসানুজ্জামান।