Published : 11 Feb 2025, 09:06 PM
ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদের সুলতান হোসেন খানের ওপর হামলার ঘটনায় আরেক চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানসহ ১০৭ জনের নামে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের ছোট ভাই মো. হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মঙ্গলবার রাতে এ মামলা করেন বলে ওই থানার ওসি মো. শহিদুল ইসলাম জানিয়েছেন।
ওসি বলেন, “মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকি ৯০ জন অজ্ঞাত পরিচয় আসামি। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেপ্তাররা হলেন-ছাত্রলীগ কর্মী আলফি সাওরুল শুভ, মো. ইসতিয়াক আহম্মেদ ও মো. তুহিন হাওলাদার।
মামলার আসামিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঝালকাঠি সদর উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. কামাল শরীফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
তাদের মধ্যে খান আরিফুর ঝালকাঠি সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি।
মামলায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কীর্তিপাশা মোড় এলাকায় দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের উঠান বৈঠক চলছিল। এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের নির্দেশে আসামিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে হামলা-ভাঙচুর চালায়।
হামলাকারীরা সুলতানসহ তার ১০ থেকে ১৫ জন কর্মী ও স্বজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে এ মামলায়।
জানতে চাইলে চেয়াম্যান প্রার্থী খান আরিফুর রহমান বলেন, “মামলায় যে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে, তখন আমি পোনাবালিয়া ইউনিয়নে একটি পথ সভায় ছিলাম। এসব অভিযোগ পুরোটাই মিথ্যা।
“বরং সুলতান হোসেন খানের লোকজন কীর্তপাশায় আমার একটি অফিসে ভাঙচুর করেছে। আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নেব।”
দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদরের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দোয়ত কলম প্রতীকের সুলতান হোসেন খান জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ বছর আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়া আনারস প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান।
ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর বৈঠকে হামলা, প্রার্থীসহ আহত ১০
অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন কাপ-পিরিচ প্রতীকের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন খান সুরুজ ।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপের এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন জেলা সদর ছাড়াও জেলার নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনেরও ভোটগ্রহণ হবে।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের কীর্তিপাশা মোড় এলাকায় চেয়ারম্যান প্রার্থী দোয়াত-কলম মার্কার সুলতান হোসেননের উঠান বৈঠকে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় ওই প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
তার স্ত্রী কহিনূর খানের অভিযোগ, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা এই হামলা চালিয়েছে।