ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর বৈঠকে হামলা, প্রার্থীসহ আহত ১০
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, “ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ঝালকাঠি সদরের চেয়ারম্যান পদের এক প্রার্থীর উঠোন বৈঠকে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের কীর্তিপাশা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম।
আহত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী দোয়াত-কলম মার্কার সুলতান হোসেন। তার স্ত্রী কহিনূর খানের অভিযোগ আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের সমর্থকরা এই হামলা চালিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “উঠোন বৈঠক চলাকালে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর ক্যাডার বাহিনী এসে অতর্কিত হামলা চালায়। প্রতিহত করার চেষ্টা করলে সুলতান হোসেন খান ও তার কর্মীদের লাঠিসোঁটা ও ভারি পাথর দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা।”
পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় হামলাকারীরা সভার চেয়ার-টেবিল এবং একটি প্রাইভেট কারেও ভাঙচুর চালায় বলে জানান কহিনূর খান।
এ ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে হামলার ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। কারা এ হামলার সঙ্গে জড়িত আমি তা জানি না “
আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলা সদর ও নলছিটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা সদরের এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।
