Published : 13 Sep 2025, 12:54 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার দীর্ঘ প্রক্রিয়ায় যুক্ত হয়ে কয়েকজন 'অসুস্থ হয়ে পড়েছেন' বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে চিকিৎসার প্রস্তুতি তারা আগে থেকেই নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন এই শিক্ষক।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মো. মনিরুজ্জামান বলেন, “আমাদের গতকাল একজন সম্মানিত ম্যাডাম মারা গেছেন। আজকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। এজন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের মেডিকেল সেন্টার থেকে ডাক্তারের ব্যবস্থা করেছি।
"যারা অসুস্থ বোধ করেছেন খানিকটা বা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন ভালো আছেন।"
গণনার কাজ চালিয়ে নেওয়ার প্রক্রিয়া তুলে ধরের অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “তাদেরকে (যারা অুসস্থ বোধ করছেন) বিশ্রামে রেখে আমরা অন্য শিক্ষক এবং কর্মকর্তাদেরকে কাজে নিয়োগ করেছি। তারা কাজ চালিয়ে যাচ্ছেন।”
শনিবার দুপুর নাগাদ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহীর ফলাফল দিতে পারার আশাবাদের কিছুক্ষণ পরেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শোনালেন সন্ধ্যার কথা।
তিনি বলেন, “আশা করি আমরা সন্ধ্যা সাতটার মধ্যেই ফালাফল তৈরি করে ঘোষণা করতে পারব।"
এত সময় কেন লাগছে প্রশ্নের জবাবে তিনি নিজেদের কিছু অনভিজ্ঞতা এবং মেশিনে ভোট গণনা না করার কথা তুলে ধরেন।
ভোট গণনার কাজে যোগ দিতে এসে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপর চলে গেছেন না ফেরার দেশে।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পেরিয়ে গেছেম ৪২ ঘণ্টা। এর আগে শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, “আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।”
কিন্তু শনিবার সকালে সিনেট ভবনে গিয়ে দেখা যায়, রাতভর অবিরাম গণনার পর সকালেও কেন্দ্রীয় সংসদের ফল গণনা চলছে।
এর পর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী শনিবার বেলা ১১টার আগে আগে জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের ২১টি হল কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। আধা ঘণ্টার মধ্যে আরও তিনটি শেষ হবে। দুপুর দেড়টা বা ২টায় ফল প্রকাশ করা যাবে বলে তারা আশা করছেন।
১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।
রাত ১০টার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন বলেছে, এ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।
মূল বিপত্তি ঘটেছে মাঝপথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের কারণে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন ভোট গণনার কাজটি মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়েই লেজেগোবরে দশা।
শুক্রবার বিকালে একজন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, প্রায় আট হাজার ভোটার ভোট দিয়েছেন, কেন্দ্রীয় সংসদের জন্য তিনটা করে ব্যালট গুনতে হবে। তার মানে, প্রায় ২৪ হাজার ব্যালট গণনা করতে হবে।