২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে কারখানায় ডাকাতি, লাখ টাকার মালামাল লুট

“ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে তারা নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় ডাকাতি হয়েছে। এ সময় ৩০ লাখের বেশি টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।       

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ‘ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায়’ এ ডাকাতির ঘটনা ঘটে। 

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যান্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মিজানুর বলেন, “কারখানার সীমানাপ্রাচীর টপকে ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল ভেতরে ঢোকে। পরে তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

“পরে কারখানার ইউটিলিটি ভবনের দুটি দরজার তালা ভেঙে অন্তত সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ ৩০ লাখের বেশি মূল্যের মালামাল পিকআপ ভ্যানে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়।”

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

“আশা করছি, দ্রুতই মালামাল উদ্ধার এবং ডাকাতদলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।”