২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

পুকুরের ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে অপরজন নামলে সেও ডুবে যায় বলে ধারণা স্বজনদের।

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ভোলার লালমোহন উপজেলায় গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে চাচাতো বোন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

নিহতদের মধ্যে সানজিদা (৮) ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং অপরজন একই বাড়ির মো. মোসলেউদ্দিনের মেয়ে সামিরা (৭)।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে দুই বোন একসঙ্গে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে অপরজন নামলে সেও ডুবে যায়। 

কিছুক্ষণ পর তাদেরকে ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে তল্লাশি করে দুজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।