১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে নিখোঁজ যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি৷ তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 10:29 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

নারায়ণগঞ্জ নগরীতে এক যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ 

সোমবার বিকাল ৪টার দিকে নগরীর পাইকপাড়া এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন৷

নিহত ৩২ বছর বয়সী দ্বীন ইসলাম সাভারের হেমায়েতপুরের আদম আলীর ছেলে।

নিহত যুবকের দুই চোখ, মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ তার হাত ছিল বাধা৷ প্রাথমিকভাবে এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের৷

ওসি শাহাদাত বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এ যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন৷ ১৫ দিন আগে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি৷ তার পরিবার সাভার থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেছিলেন৷”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷