১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গের ভোট গণনা: বুড়িমারী স্থলবন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

মঙ্গলবার থেকে পুনরায় স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 07:18 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধার সঙ্গে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশনায় সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে এই বিধি-নিষেধ আরোপ করা হয়।

ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে জানানো হয়েছে, ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলার আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। কোচবিহার জেলা প্রশাসনের আদেশে বিএনএসএস, ২০২৩-এর ধারা ১৬৩(২) অনুযায়ী এই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনি ফলাফলের কারণে চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম বন্ধের বিষয়টি অবহিত করেছে। ফলে রোব ও সোমবার বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে পুনরায় স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।

নিষেধাজ্ঞা চলাকালীন কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে বাংলাদেশ ও ভুটান থেকে ভারতে ভ্রমণ এবং বৈধ কাগজপত্র থাকা সাপেক্ষে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়া পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহন পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর চলাচলের সুযোগ পাবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ভারতীয় প্রশাসনের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বুড়িমারী কাস্টমসের অভ্যন্তরীণ সব কার্যক্রম সচল রয়েছে। পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সেবা যথারীতি চালু আছে।