১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিবি পরিচয়ে ২ ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, কোটালীপাড়ায় ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী থেকে র‌্যাবের পোশাক, হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার সময় চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন।

গ্রেপ্তার ডাকাতরা হল- বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), একই ঠিকানার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩) ও বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)।

আটক ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন।

পুলিশ বলছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। স্থানীয় সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা চারদিকে যোগাযোগ করেন।

এদিকে ডাকাতরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিকে পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের সদস্যরা পয়সারহাটের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে তারা মাইক্রোবাসটির গতিরোধ করেন। এ সয়য় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করে।

ওসি রিয়াদ মাহমুদ বলছেন, “ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে র‌্যাবের পোশাক, হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।”

এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং ডাকাতদের কারাগারে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেনর এ পুলিশ কর্মকর্তা।