Published : 19 Feb 2026, 04:43 PM
সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, সিলেটবাসীর দেওয়া দায়িত্ব।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বিমানে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরিফুল হক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়ে বিজয়ী হন আরিফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
আরিফুল বলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ তার নির্বাচনি এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই তিনি কাজ করতে চান।
“মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়্দা আমরা দিয়ে তা যেনো আমরা পূরণ করতে পারি।
“কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।’’
সাবেক মেয়র বলেন, “আজ প্রথম রোজায় সিলেট এসেছি। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি মায়ের সঙ্গে কাটাব। কাল আমার নির্বাচনি এলাকায় যাব।”
বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।