Published : 16 Dec 2025, 05:42 PM
নরসিংদীর পলাশ উপজেলা থেকে নিখোঁজের ২৪ দিন পর শিবপুর উপজেলা থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার কারার চর এলাকার একটি কারখানার বর্জ্য শোধনাগারের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া।
নিহত ১২ বছর বয়সি আব্দুল্লাহ পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে সেকান্দরদী মধ্যপাড়া উম্মুল হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে থার্মেক্স গ্রুপের বর্জ্য শোধনাগারের ড্রেনে লাশ দেখে কর্তৃপক্ষকে জানান কারখানার নিরাপত্তা কর্মী মো. আবদুল আউয়াল।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। খবর পেয়ে স্বজনরা বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহর লাশ শনাক্ত করেন।
স্বজনরা জানান, ২২ নভেম্বর সকাল আনুমানিক ১০টার পর মাদ্রাসা থেকে নিখোঁজ হন আব্দুল্লাহ। পরে এ ঘটনায় আব্দুল্লাহর মা মোসা. পারুল বেগম পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি কোহিনুর মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।