Published : 28 Aug 2026, 04:32 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কুশলী ইউনিয়নের চর-কুশলী গ্রামে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার এসআই নাজমুল ইসলাম জানান।
মৃত মুনিয়া খানম (২৩) চর-কুশলী গ্রামের বাসিন্দা প্রবাসী আলামিন শেখের স্ত্রী এবং বর্ণি ইউনিয়নের হেদায়েত শেখের মেয়ে।
চার বছরের এক ছেলে সন্তানের জননী মুনিয়ার লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই নাজমুল ইসলাম বলেন, “ভোরে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। এ সময় মুনিয়ার নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
“পরে আশপাশের লোকজন এসে জানালা ভেঙে একটি ছোট ছেলেকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। তখন সেই শিশুটি ভেতরে ঢুকে ঘরের বাইরের গেট খোলে। পরে সবাই ভেতরে গিয়ে দেখতে পায় মুনিয়ার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল “
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মুনিয়া এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।