ময়মনসিংহে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, রেল চলাচলে বিঘ্ন
ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন যোগাযোগ প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ময়মনসিংহে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের রেললাইনে উঠে পড়া ট্রাক্টরে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন যোগাযোগ প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।
তিনি বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথে সুতিয়াখালী এলাকায় অরক্ষিত একটি লেভেল রেল ক্রসিংয়ে ট্রাক্টর উঠিয়ে দেন এক চালক। কিন্তু তাড়াহুড়া করে পার হতে গেলে ট্রাক্টরটি বন্ধ হয়ে যায়। তখন চালক ট্রাক্টর রেললাইনে রেখে পালিয়ে যান।
এ অবস্থায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
ওসি আক্তার আরও বলেন, ধাক্কা দেওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রাক্টরটি সরিয়ে নেওয়া পর ৩০ মিনিট দেরি করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান রেলের এ কর্মকর্তা।
