১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পুকুরে মিলল নারীর লাশ

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 03:56 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার সংলগ্ন একটি পুকুরে লাশটি পাওয়া যায় বলে শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান। 

নিহত মাহফুজা বেগম (৩২) উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জানগর দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা বলেন, “সকালে ওই পুকুরে অজ্ঞাত এক নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় খবর দেয়া হয়।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলেও তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত নারীর পরনে সালোয়ার কামিজ ছিল। গায়ের রং শ্যামলা। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা শুরু করে।

ওসি ফরিদ বলেন, নিহত মাহফুজারা তিন বোন। এর মধ্যে মাহফুজাসহ আরও এক বোন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। পরে আবার নিজ থেকেই বাড়ি ফিরে আসত। তিনদিন আগে মাহফুজা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। 

পরে রোববার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে পরিচয় শনাক্ত করে। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।