১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাফলংয়ে নদীতে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মৃতদেহ উদ্ধার

পিয়াইন নদীতে গোসলে নেমে স্রোতের টানে নিখোঁজ হন সুফিয়ান।

জাফলংয়ে নদীতে নিখোঁজের ৭ দিন পর পর্যটকের মৃতদেহ উদ্ধার
নিহত আবু সুফিয়ান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজের সাত দিন পর এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার পিয়াইন নদীর বল্লাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম। 

নিহত আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি বলেন, গত বুধবার সুফিয়ানসহ আটজন জাফলংয়ে ঘুরতে যান। সেখানে নদীতে সাঁতার কাটতে নামেন তারা। বিকালে স্রোতের টানে নিখোঁজ হন সুফিয়ান।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি বলে জানান ওসি তরিকুল ইসলাম।