ঠাকুরগাঁওয়ে পিকআপ, ইজিবাইক ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পিকআপ, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে উপজেলার কচুবাড়ি পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
নিহতরা হলেন- উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং অজ্ঞাত পরিচয় চল্লিশোর্ধ্ব এক পুরুষ।
আটক পিকআপ চালক মো. হাবিবুর রহমান (২৪) নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় যাচ্ছিল। পথে পিকআপটির সঙ্গে একটি ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। আহন হন অন্তত সাতজন।
তিনি বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগমসহ দুইজন মারা যান। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আটক পিকআপ চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নূরে আলম সিদ্দিকী।
