Published : 19 Jul 2026, 02:04 PM
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর এক গারো যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় হাওদা বিলের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানিয়েছেন।
নিহত ২৪ বছর বয়সী অন্তর মদন ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

গাছাবাড়ি এলাকায় প্রিন্স এডওয়ার্ড মাংসাং পিন্টু বলেন, “শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে তিন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর। ব্রিজ থেকে পানিতে লাফ দেওয়ার পর তিনি আর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
“পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।”
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলছেন, “শনিবার বিকালে অন্তর তার দুই বন্ধু নিরব রেমা ও অগ্নির সঙ্গে হাওদা বিলে গোসল করতে যান। একপর্যায়ে তিনজনই ব্রিজের ওপর থেকে বিলে লাফিয়ে পড়েন।অন্য দুজন নিরাপদে পানির ওপর ভেসে উঠলেও অন্তর আর ওপরে ওঠেননি।”
স্থানীয় যুবক রিপন আহমেদ বলেন, “ঘটনার পর সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু অন্তরের কোনো সন্ধান মেলেনি।”
এসআই বিমল চন্দ্র বলেন, “হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তরের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হবে।”