Published : 22 Jan 2026, 02:57 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে ভোট চাইছেন।
কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে ভোট চাইতে মাঠে নামেন।
মেঘনা উপজেলায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মিলিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন তার সঙ্গে ছিলেন।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তাহের বলেন, “আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দুর্নীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে।”
কুমিল্লা-৬ (সদর- সদর দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী সদর উপজেলা কালির বাজার অলিপুরে সমাহিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচার শুরু করেন।
কুমিল্লা-৮ বরুরায় জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলাল গালিমপুর এলাকা ভ্রমণ করে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।
তাকে ভোটারদের হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় এবং তাদের কাছে নিজের প্রতীকে ভোট চাইতে দেখা গেছে।