ভারতে ৩৩ বছর পালিয়েও যাবজ্জীবন সাজা এড়াতে পারলেন না তিনি
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯০ সালে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে হত্যা করেন মাসুক মিয়া।
তেত্রিশ বছর ভারতে পালিয়ে থেকেও যাবজ্জীবন সাজা এড়াতে পারলেন না হত্যা মামলার এক আসামি।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দের করগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৫৬ বছর বয়সী মাসুক মিয়া ওই গ্রামের চরন মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে সম্রাট তালুকদার বলেন, মাসুক মিয়া চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলার আসামি। আব্দুস সালাম একই গ্রামের হাছন আলীর ছেলে। ২৩ বছর বয়সে খুন করে মাসুক মিয়া দীর্ঘ ৩৩ বছর ভারতে পালিয়ে ছিলেন।
তিনি জানান, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার থেকে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আব্দুস সালামকে হত্যা করেন মাসুক মিয়া।
“হত্যার পর তিনি পালিয়ে চট্টগ্রাম চলে যান। সেখানে পাঁচ-ছয় মাস থাকার পর চাচা আরজদ আলীর কাছে ভারতে চলে যান। আরজদ আলী পাকিস্তান আমল থেকেই ভারতে অবস্থান করছিলেন।
“সেখানে চাচার আশ্রয়ে থেকে দীর্ঘ ৩৩ বছর কাটিয়ে দেন মাসুক মিয়া। মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে এসে ২-১ মাস অবস্থান করে আবার ভারতে চলে যেতেন।”
পুলিশের গণমাধ্যম কর্মকর্তা আরও জানান, সম্প্রতি মাসুক মিয়া আবারও দেশে আসার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
