২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 01:12 PM

Updated : 28 Sep 2026, 01:28 PM

গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ের প্রাণ গেছে।

রোববার রাত ২টার দিকে নগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী ৩০ বছর বয়সী রুজুকা বেগম এবং তার মেয়ে ইয়ামনি।

পুলিশ বলছে, রুজুকা বেগম ও তার মেয়ে গাজীপুর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন। রোববার রাত ২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে পূবাইল থানার পুলিশ গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ সময় শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ওসি আতিকুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে মা ও মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।