০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এ ঘটনায় তিন বাড়ি মালিককে চার লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় দুই শতাধিক আবাসিকের অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন বাড়ি মালিককে চার লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এফ এম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ড পাওয়াদের মধ্যে বাড়ি মালিক আওয়াল ভূইয়াকে দুই লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার এবং মো. মুসলেম মিয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস কর্মকর্তা আহম্মদ উল্লাহ বলেন, ওই এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। বিকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন। 

প্রায় পাঁচ বছর ধরে তারা অবৈধ সংযোগের মাধ্যমে সরকারের প্রায় এক কোটি ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করেছেন বলে ভাষ্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের।