Published : 31 Dec 2024, 12:16 PM
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সফিক উদ্দিন।
মৃত রাজাবালী (৪৪) জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে।
তিনি ফুলবাড়িয়া থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।
তিনি বলেন, ২০২০ সাল থেকে রাজাবালী কারাগারে ছিলেন। তিনি হৃদরোগের রোগী ছিলেন। সোমবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে, সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজাবালীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।