ঝিনাইদহে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০
স্থানীয়রা বলছেন, জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আসাদুজ্জামান বলেন, “গ্রামের দুই মাতব্বরের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
