Published : 11 Feb 2026, 04:22 PM
হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনি এজেন্ট।
এদিকে বানিয়াচং উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে।
বুধবার ভোররাতে সুনারু গ্রামে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে বলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে একটি কক্ষের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যায়।
সহকারী রিটানির্ং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, “ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে বুধবার সকালে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগটি দায়ের করেন হবিগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনি এজেন্ট মোহাম্মদ হারুন।
এ সময় জেলা জামায়াতের আমির কাজী মুখলিছুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
অভিযোগে তারা ৩২টি কেন্দ্রের নাম উল্লেখ করে বলেন, নির্বাচনের দিন এসব কেন্দ্রে ‘সমস্যা’ সৃষ্টি হতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
জেলা রিটানির্ং কর্মকর্তা ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “ইতোপূর্বেই আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। তারপরও অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”