কুষ্টিয়ায় গণঅধিকারের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল
বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য আমির হামজার লোকজন তাদের নেতাকর্মীদের উপর হামলা, কার্যালয় ভাঙচুর ও দোকানপাট লুটপাট করে।
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল হয়েছে।
সোমবার সন্ধ্যায় নোয়াখালী গণপূর্ত ভবনের সামনে থেকে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সুধারাম মডেল থানার সমানে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি আবু হোসেন ফরহাদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ওসমান গণি রুবেল, জেলা সহসভাপতি আব্দুর রাজ্জাক রাসেল, সদর উপজেলা সভাপতি জহির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, জেলা ছাত্রঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, শনিবার কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার লোকজন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা, কার্যালয় ভাঙচুর ও দোকানপাট লুটপাট করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা, সন্ত্রাস বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা কুষ্টিয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
