নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
রাতে শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি।
নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার।
নিহত আলবার খান সামি (২২) শহরের চকপাড়া এলাকার চঞ্চল খানের ছেলে ও নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। আইইউবি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী রেডক্রিসেন্ট জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।
ওসি আল মামুন সরকার বলেন, রাতে শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি। হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের পর আইনী কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মামুন।
