Published : 07 May 2024, 07:07 PM
পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ‘টাকা দিয়ে ভোট কেনার’ অভিযোগে আটক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে ছেড়ে দিয়েছে র্যাব। মুক্ত হয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, ঘটনাটি নিছক ভুল বোঝাবুঝি।
সোমবার মধ্যরাতে আটকের সময় প্রার্থীর কাছে পাওয়া অর্থ নির্বাচনি ব্যয়সীমার মধ্যে হওয়ায় মুচলেকা নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।
র্যাব জানায়, সোমবার মধ্যরাতে উপজেলার চর ভবানীপুরের নির্বাচনি এলাকা থেকে ১১ সহযোগীসহ শাহীনুজ্জামানকে আটক করে র্যাব-১২ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে শাহীনুজ্জামানকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে এহতেশামুল হক বলেন, “চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি।”
র্যাব কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর শাহীনুজ্জামান বলেন, “আমার নির্বাচনি ব্যয়সীমা ২৫ লাখ টাকা। প্রচারণার শুরু থেকে মাইক, পোস্টার, ভ্যানভাড়াসহ বিভিন্ন কাজে যে ব্যয় হয়েছে, সে টাকা আমি প্রচার শেষে পরিশোধের চুক্তি করেছিলাম।
“সেই টাকাসহ রাতে র্যাব আমাকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সকালে টাকার উৎস ও ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পর তারা বিষয়টি বুঝতে পেরেছে। এটা আসলে নিছক ভুল বোঝাবুঝি।”

প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চেয়েছিলেন দাবি করে শাহীনুজ্জামান বলেন, “এ ঘটনাকে নানা রঙ দিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তবে, আমি দলের নেতাকর্মী ও সুজানগরবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আমি নিশ্চিত ভোটের মাধ্যমেই তারা এর জবাব দেবেন।”
রাতে শাহীনুজ্জামানকে আটকের পর সুজানগর থানার সামনে অবস্থান নেন সমর্থকরা। সকালে সুজানগর বাজারে সড়ক অবরোধ করে এ আওয়ামী লীগ নেতার মুক্তি দাবি করেন তারা। পরে দুপুরে তার মুক্তির খবর পৌঁছালে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

র্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, “দুপুরে মুচলেকা নিয়ে শাহীনুজ্জামানসহ তার সহযোগীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকাগুলো জব্দ করে রাখা হয়েছে। তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি। তাকে সন্দেহমূলক আটক করা হয়েছিল।”
রাতে শাহীনুজ্জামানকে আটকের পর সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুজ্জামান ভোটারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলার মধ্যে বুধবার এই উপজেলায় ভোট হবে।
আরও পড়ুন:
ভোটারদের টাকা বিতরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক