২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে ‘পুশইন’ ও চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি

মে মাসে খাগড়াছড়ির পানছড়ি, মাটিরাঙা ও রামগড় সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ‘পুশইন’ করেছে বিএসএফ।

খাগড়াছড়িতে ‘পুশইন’ ও চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি
খাগড়াছড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

‘পুশইন’ ও চোরাচালান ঠেকাতে খাগড়াছড়ি সীমান্তে নজরদারি ও টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বিজিবি জোন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

তিনি বলেন, “পার্বত্য এলাকার সীমান্তগুলো পাহাড় ও ঘন জঙ্গল বেষ্টিত হওয়ায়  বিএসএফ ‘পুশইন’ করার চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তগুলো জনমানবহীন হওয়ায় কাউকে ‘পুশইন’ করলে সহজেই শনাক্ত করা যায়। 

“‘পুশইন’ ঠেকাতে সীমান্তে আগের চেয়ে বহুলাংশে জনবল বাড়ানোর পাশাপাশি বিজিবি কড়া পাহারা  দিচ্ছে। এ ছাড়া  যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ‘পুশইন’ করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌলিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে।”

বিজিবি অধিনায়ক বলেন, এ ছাড়া  কোরবানির পরে যাতে সীমান্ত দিয়ে চামড়া পাচার হতে না পারে সেজন্য নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চোরাচালান বন্ধেও তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। 

চলতি বছরের মে মাসে খাগড়াছড়ির পানছড়ি, মাটিরাঙা ও রামগড় সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ‘পুশইন’ করেছে বিএসএফ।